
পাবনা প্রতিনিধি: শাহীন রেজা
৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) সংলগ্ন সড়কের সামনে আন্দোলনরত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে এটিআইয়ের প্রধান সড়কের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ হঠাৎ আন্দোলনকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে নারী শিক্ষার্থীসহ বহু শিক্ষার্থী আহত হন।
অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কোনো সতর্কতা ছাড়াই পুলিশ লাঠিচার্জ করে। এতে ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয় এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”
লাঠিচার্জের সময় আতঙ্কে অনেক শিক্ষার্থী দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এটিআই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা এ হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।