
মেহেদী পাতা তো দেখেছি, মিথিলা—
পাতার বুকে বয়ে চলে রক্ত।
সাত সমদ্দুর দুঃখের স্রোতে
খেলা করে আমার নির্জন হৃদয়।
ভালোবাসার কতটা কাঙাল আমি—
সেটা তুমি জানোই।
অনন্তর প্রেম,
অশ্রু-বরফে গলা হ্রদ।
ডিসেম্বরের শহরে
আতশবাজির শব্দ কতটা বিরক্তিকর!
নতুন বছরের শুরুই যেন
এক বিদারক যন্ত্রণার মাঝে।
পুরোনো বছরের মতোই
তোমাকে হারাই—
নতুন করে, প্রতিবার।
মনে পড়ে একুশে বইমেলায়
হাত ধরে বইয়ের শহরে
আমাকে আলিঙ্গন করার
সেই দৃঢ় অনুভূতি।
এভাবে বিদায় নেয়
কত কত বছর।
কত প্রেম ক্ষয়ে যায়
নক্ষত্রের অমরতায়।
কত কবি কবিতা লেখে
তোমার রূপের মোহনায়।