
মীরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। ১৫ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
খুনের শিকার আবুল কালাম (৫৭) এর বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে। তিনি ওই এলাকার ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের চতুর্থ ছেলে। হত্যাকারী হেলাল তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূর্ব থেকে চলমান জমির বিরোধ নিয়ে চাচা আবুল কালামের সাথে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল চাচাকে ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া হয় নাই। কি থেকে কি হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো কিছুই বুঝে উঠতে পারছি না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজকের ঘটনা তারই কারণে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান চলছে।