1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিদায়ী প্রশাসকের অনিয়মের মচ্ছব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শেখ জিল্লুর রহমান স্বপন, বরিশাল সদর।

 

বিদায়বেলায় নানা সেক্টরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সদ্য সাবেক বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক রায়হান কাওছারের বিরুদ্ধে। ভুয়া একটি সভা দেখিয়ে ১৬টি হাইরাইজ ভবনের প্ল্যান অনুমোদন দিয়েছেন তিনি। মেয়াদ শেষ হলেও কয়েকজনের চুক্তি বাড়িয়ে গেছেন প্রশাসক। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিটি করপোরেশনের রিসোর্টের জন্য কুয়াকাটায় জমি কিনেছেন তিনি। ১৫৯ জনকে ছাঁটাই করেও তাঁদের প্রাপ্য বুঝিয়ে দেননি।

 

সদ্য সাবেক প্রশাসক রায়হান কাওছারের বিরুদ্ধে তিন দিন ধরে বিক্ষোভ চলছে বিসিসি কার্যালয় এলাকায়। নগর ভবনে না ঢুকতে পেরে গত মঙ্গলবার বরিশাল ছেড়েছেন বিদায়ী এই প্রশাসক। সূত্র জানিয়েছে, ১২ নভেম্বর থেকে তিনি কার্যালয়ে যাননি। এর মধ্যে ১৬ নভেম্বর বরিশাল নগর ভবনে একটি ভুয়া সভা দেখিয়ে উপস্থাপন করা ৪৬টি ভবনের প্ল্যানের মধ্যে ১৬টি সুউচ্চ ভবনের (৭ তলা থেকে ১০ তলা) প্ল্যান অনুমোদন দিয়েছেন তিনি। করপোরেশনের ওয়েবসাইটে অনুমোদনের আদেশ পরদিন প্রকাশ করা হয়।

 

করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর প্রশ্ন, প্রশাসক কার্যালয়ে না ঢুকে কীভাবে এতগুলো ভবনের নকশা অনুমোদন দিলেন। এ প্রসঙ্গে বিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রুম্পা সিকদার আজকের পত্রিকাকে বলেন, হাইরাইজ বিল্ডিংয়ের অনুমোদন প্রশাসক দেন। স্থপতি এ বিষয়ে বলতে পারবেন।

 

জানতে চাইলে বিসিসির স্থপতি সাইদুল ইসলাম বলেন, রেজল্যুশনে হয়তো ভুল হয়েছে। সভা করেছেন অডিটরিয়ামে। উৎকোচের মাধ্যমে এসব প্ল্যান অনুমোদন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ পারলে প্রমাণ দেখাক।

 

এ প্রসঙ্গে সদ্য বিদায়ী প্রশাসক রায়হান কাওছার আজকের পত্রিকাকে বলেন, গত পরশু তিনি ১৬টি প্ল্যানের অনুমোদন দিয়েছেন। তবে ১৬ নভেম্বর নগর ভবনে না যাওয়া প্রসঙ্গে তিনি কোনো কথা বলেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park