1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বন্ধু —- আবু বকর সিদ্দিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বন্ধু সম্পর্কটা মানুষের সব বয়সেই থাকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত। অনেক বন্ধু থাকে। কারো কম কারো বেশি।
মনে পড়ে, একদিন বাবার সাথে কাজ করছিলাম রাস্তার পাশে। কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে। বাবার কাছে শুনলাম, তারা কয়েকজন অনেক ভালো বন্ধু। লেখা পড়া থেকে শুরু করে সব কিছু এক সাথে করে।কেউ কোন দিন নামাজ কাযা করলেও হিসাব দিতে হয় বন্ধুদের কাছে। শুধু তাই নয়, একজন বিপদে পরলে তারা পাগল হয়ে যায়। বাবার মুখে কথা গুলো শুনে অনেক ভালো লাগলো। নিয়ত করলাম এমন কজন বন্ধু আমিও বানাবো ইনশাআল্লাহ।

আমার বয়স তখন ১২/ ১৩ বছর হবে। বন্ধু বলতে তেমন কেউ নেই আমার। মায়ের সঙ্গে ঘরের কাজ করতাম। বাবা অন্য বাড়িতে কাজ করেন। গ্রামের ছেলেদের সাথে মিশতাম না। বাড়ির পাশে এক মাদরাসায় পড়তাম। মাদরাসা ছুটি হলে আবার বাড়িতে। কি ভাবে বন্ধু বানাবো বুঝতাম না। মানুষের সাথে চলতে চলতে যে বন্ধু হয় জানতাম না।
একদিন নামাজ পড়ে আল্লাহ তায়ালার কাছে বলি। হে আল্লাহ মানুষের কত বন্ধু আছে, আমার কোন বন্ধু নেই। তুমি আমাকে একজন ভালো বন্ধু মিলিয়ে দাও।

কিছু দিন পর লেখা পড়ার জন্য ঢাকায় চলে আসি। ক্লাসে অনেক ছাত্র। বছর শুরু। সবাই নতুন। কেউ কাউকে চিনে না। গ্রাম থেকে ঢাকায় নতুন। ছাত্রভাইদের সাথে কথা বলতে ভয় লাগছে। সবার ছোট ছিলাম আমি। দুইদিন চুপচাপ বসে ছিলাম। আমাকে চুপচাপ দেখে অন্যরা মনে করতো, আমি বোবা হয়তো। কিছু বলতে পারি না। বড় ভাইয়েরা কিছু খেলে সাথে নিয়ে খেতো, টাকা দিতো ইত্যাদি।
বড় ভাইদের সাথে থাকতে থাকতে আশপাশ চিনলাম। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মিশতে হয় তা বুঝলাম।
বন্ধু রুপে একজন ভাইকে বেছে নিলাম। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। কেনা-কাটা থেকে শুরু করে সব কিছু করতাম তার মনের মতো। নিজের কাছে টাকা না থাকলেও, ধার নিয়ে খরচ করতাম তার জন্য।
আমরা একই মাদরাসায় পড়তাম। যেদিন সে মাদরাসা থেকে চলে যাবে, তাকে ধরে অনেক কান্না করছিলাম সেদিন। বলেছিলাম, ভাই! আমারে ভুলে যেয়ো না কোনোদিন। সব সময় খোঁজ খবর নিয়ো। দিনে একবার হলেও স্মরণ কইরো ভাই।
সেদিন মনে হয় বড় ভুল করেছিলাম আবেগ মাখা কথা বলে। সেদিনের পর থেকে তার সাথে আর মন খুলে কথা বলতে পারিনি। সেও বলেনি। সে নাকি অনেক ব্যস্ত থাকে। অথচ এর আগের মূহুর্তগুলো অনেক ভালো ছিলো।
ফোন দিলে বিভিন্ন অজুহাত দেখায়। অথচ খোঁজ নিয়ে দেখি তার কোন ব্যস্ততা নেই। অন্যদের সাথে ঠিকই কথা বলে। তারপরও বার বার বুঝানোর চেষ্টা করেছি_
‘ভাই! আমি কিন্তু তোমারে নিজের ভাই মনে করি।আমারে ভুলে যেয়ো না।’ কে শুনে কার কথা। হাজার চেষ্টা করেও যখন দেখি সে তার মতোই তখন নিজেই পরিবর্তন হয়ে যাই।

৬ মাস পর। দ্বিতীয় একজনকে বন্ধু বানাই। প্রথম জনের সব কথা তাকে বলি। যাতে সে যেন তার মতো কষ্ট না দেয়। আল্লাহ তায়ালা না চাইলে কি সম্পর্ক ঠিক থাকে। সেও চলে যায়, প্রথম জন থেকে বেশি কষ্ট দিয়ে।
আমি তাদের কাছে শুধু চেয়েছিলাম, তারা যেন আমাকে একটু বোঝে। আমি কি চাই, কি না চাই, এতটুকুই।

আসলে আমি মানুষটা একটু অন্য রকম। ছোট ছোট বিষয়েই অনেক কষ্ট পাই।
আমি কী চাই? কেনো চাই?
তা কাউকে বুঝাতে পারি না।
কাছের মানুষদের উপর
অনেক বেশি আশা করে ফেলি। ধারণা করে বসি, তারা আমাকে বুঝবে।
আমার সকল ইচ্ছার মূল্য দিবে। কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এসব ভেবে ভেবে শুধুই কষ্ট পাই।

আমাকে ঠিকঠাক বুঝবে এমন একজন বন্ধু হলে নিজেকে ধন্য মনে করতাম।
কিন্তু জীবনে এমন বন্ধু মনে হয় কোনদিন হবে না। যদি হতো তাহলে ঐ দুজনের মধ্যেই হতো। তাদের কোন কিছুর কমতি দেইনি। নিজে না খেয়ে তাদের জন্য খাওয়ায়তাম। কোন কিছু হলে তাদের কথা ভাবতাম সবার আগে । প্রতিদান হিসেবে কষ্ট ছাড়া কিছুই পাইনি।

আসলে জীবনে একটা বন্ধু লাগে
ব্যাথা পেয়ে চুর্মার হয়ে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য হলেও।
একটা বন্ধু লাগে
ভালোবাসার মানুষের সাথে ঘঠে যাওয়া প্রিয় মূহূর্তগুলো অকপটে জানানোর জন্য হলেও।
একটা বন্ধু লাগে,
কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য হলেও।
একটা বন্ধু লাগে,
রাস্তায় হেঁটে যাওয়া সুদর্শন রমণীর উপর হঠাৎ আসক্তিটা জানিয়ে আনন্দটা ভাগ করার জন্য হলেও।
একটা বন্ধু লাগে,
মানিব্যাগের খুচরা পয়সা শেয়ার করার জন্য হলেও।
একটা বন্ধু লাগে,
জীবনের ছোট ছোট সুখ আর দুঃখ গুলো পড়ে ফেলার জন্য হলেও।
একটা পাগল বন্ধু লাগে,
রাগে, অভিমানে, স্বার্থহীন গল্পগুলো রাঙ্গিয়ে তোলার জন্য হলেও।

যাদের বন্ধু আছে নিজের মতো, যার কাছে গোপন গল্পটা জানিয়ে দিতে পারে নির্দ্বিধায়,
এই মানুষগুলোই ভাগ্যবান।
গল্প জমানো বন্ধু সবাই পায় না।
ক্লাস বেঞ্চ পরিবর্তন করা শত বন্ধুর মাঝে, নিজের মতো করে একটা বন্ধু সবার হয় না। আমাদের জীবনে ভালোবাসার হিসাব-নিকাশ চলে শুধু স্বার্থ নিয়ে।

নিষিদ্ধ সীমানাহীন এক পথের নাম হলো বন্ধুত্ব।
যদি আপনার থাকে, তবে আপনি সত্যিই ভাগ্যবান।

আশা একটু বেশি করে ছিলাম, তাই কপালে হয়তো জুটেনি। দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাদের সব সময় ভালো রাখেন। তাদের জন্য যে কষ্ট আমার হয়েছে,এমন কষ্ট যেন কোন বন্ধুর না হয়। আর কেউ যেন আমার মতো ভুল না করে। মানুষ চিনে যেন সম্পর্ক করে। বর্তমান জামানায় বন্ধুর অভাব নাই ।কিন্তু স্বার্থ ছাড়া বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park