
প্রত্যাবর্তন মানেই কি শুধু ফিরে আসা? প্রত্যাবর্তন মানে হল ফিরে পাওয়া, ভুল সংশোধন করে নেওয়া কিংবা আত্মসমর্পণ করা। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পরিকল্পনা কিংবা প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জানিয়ে দেয় হয়তো কোনো না কোনো সময় আমাদের প্রত্যাবর্তন করতেই হবে। হোক সেটা সেই কাজের কাছে অথবা আত্মার কাছে কিংবা সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন জীবনের কিছু উদ্দেশ্য নিয়ে। আমাদের কেউই উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে আসেনি। প্রত্যেকের একটি নির্দিষ্ট গন্তব্য আছে, হয়তো আমরা সেই গন্তব্যে পৌঁছাব আর না হয় ভুল পথে গিয়ে আবারও সেই গন্তব্যের প্রতি প্রত্যাবর্তন করব, তবে আমাদের প্রত্যাবর্তন করতেই হবে।
যখন জীবনের গুরুত্বপূর্ণ কোন সময়ে আমরা ভুল সিদ্ধান্ত নেই, হয়তো এর কারণে আমাদের ক্ষতিও হতে পারে, যখন আমরা ভুল বুঝতে পারি ,আমরা ফিরে আসি ভালোর কাছে। আচ্ছা বলুন তো ভালোর সংজ্ঞা কি? ভালোর সংজ্ঞা হলো অন্যের কোন ক্ষতি না করে নিজের জীবনকে নিয়ে ব্যস্ত থেকে, সুন্দর অনুভূতি সহ অস্তিত্ব টিকেয়ে রাখা। তবে আমরা জীবনের কোন একটা গন্তব্যের পিছনে এমন ভাবে ছুটতে থাকি যেন পুরো পৃথিবীটাই আমাকে ঐ গন্তব্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে, দিনশেষে আমরা যখন উপলব্ধি করি অন্তঃসারশূন্য গন্তব্যের পেছনে অবলীলাক্রমে পাড়ি দিলাম, তখন আমরা আবারো প্রত্যাবর্তন করি আমাদের জীবনে। সৃষ্টিকর্তা আছেন, আমরা বিশ্বাসীরা যখনই কোন বিপদে পড়ি ফিরে আসি সৃষ্টিকর্তার কাছে যেন তিনিই আমাদের শেষ ভরসা।
আমাদের সব চাওয়া-পাওয়া সবটুকু যেন আমরা আত্মসমর্পণ দিয়ে তার কাছে ফিরে আসি। একজন অবিশ্বাসী ও কোনো না কোনো সময় সৃষ্টিকর্তার কাছে ফিরে আসে। হয়তো যখন সে বিপদগ্রস্ত হয়, সৃষ্টিকর্তার শরণাপন্ন হয়। আর যখন বিপদ কেটে যায় হয়তো সে আবারো ফিরে যায় তার পুরনো জীবনে। তবে জীবনের সবটুকু বিষয় যেন এক বৃত্তের মধ্যে আবদ্ধ আছে এবং তা যেন প্রত্যাবর্তনের অপেক্ষায়। প্রত্যাবর্তন যেন এক চিরন্তন সত্য।
যা চাই না, তাই পেতে হয়। আর যা চাই, তাই যেন পাই না। সবকিছু যেন আগে থেকেই পরিকল্পিত, আমি শুধু এক নীরব দর্শক, আর দেখতেই থাকি জীবন আমাকে কোন গতিপথে নিয়ে যাচ্ছে। হয়তো আমিও একদিন প্রত্যাবর্তন করব আমার চিরচেনা ঠিকানায় , যেখানে হয়তো থাকবে না আমার কোনো আক্ষেপ, আর থাকবে না কোন চাওয়া-পাওয়া। সুতরাং আমি প্রত্যাবর্তন করলাম, হয়তো আবারও পথভ্রষ্ট হবো এবং পুনরায় প্রত্যাবর্তন করব, এই যেন এক জীবনের অলিখিত নিয়ম। তবে প্রত্যাবর্তন আমাকে করতেই হবে তাই আমিও ছুটে চলেছি প্রত্যাবর্তন করতে, হোক না সেটা সুখ সন্ধানে।
মোঃ মারুফুর রহমান।
আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।