1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দাবি না মানায় পরীক্ষায় অংশ নিলেন না কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মোঃ জুবায়েদ আহমেদ, সিলেট প্রতিনিধি:

 

৮ দফা দাবি আদায়ের আন্দোলনে সিলেটের খাদিম নগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিম নগর-এর শিক্ষার্থীরা পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করেছে। বুধবার ইনস্টিটিউটের বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ না নিয়ে এ কর্মসূচি পালন করেন।

 

ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা, চাকরি ও পেশাগত মর্যাদা সংক্রান্ত ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন।

 

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত করা ও নিয়মিত নিয়োগ, কৃষি ডিপ্লোমা শিক্ষায় শিক্ষক সংকট দূরীকরণ এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর অধীন থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়-এর আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন।

 

এছাড়া সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি খাতে ন্যূনতম ১০ম গ্রেড অনুযায়ী বেতন, মাঠ সংযুক্তি (ইন্টার্নি) ভাতা প্রদান এবং চাকরিতে যোগদানের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানান তারা।

 

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া গেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park