মোহাম্মদ মোহছেন মোবারক
আজ ২৭ আগস্ট। ২০১৪ সালের এই দিনে নির্মমভাবে খুন হন সুন্নীয়তের সিংহপুরুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতা ও প্রখ্যাত ইসলামী দাঈ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ)। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। কিন্তু ঘটনার এক দশক পেরিয়ে গেলেও এখনো এই হত্যার বিচার সম্পন্ন হয়নি।
শহীদ ফারুকী (রহঃ)-এর শাহাদাতের পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসলামী দল, আলেম সমাজ ও সাধারণ মানুষ বিচার চেয়ে নানা সময়ে কর্মসূচি পালন করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত বছর পরও খুনিদের শনাক্ত ও গ্রেফতারে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
ফারুকীর পরিবারের সদস্যরা ও অনুসারীরা প্রশ্ন তুলছেন প্রশাসন এতদিনেও কেন হত্যাকারীদের গ্রেফতার করতে পারল না? কেন বিচারের কাঙ্ক্ষিত রায় এখনো কার্যকর হলো না? তাঁদের মতে, একটি স্বাধীন দেশে প্রকাশ্যে আলোচিত এমন হত্যাকাণ্ডের বিচারহীনতা আইনের শাসনের জন্য বড় হুমকি।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা বলছেন, শহীদ ফারুকী (রহঃ)-এর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদেরও মুখোশ উন্মোচন করার দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, নুরুল ইসলাম ফারুকী (রহঃ) ছিলেন সুপরিচিত ইসলামী বক্তা ও শান্তির বাণী প্রচারক। তাঁর জীবনব্যাপী সংগ্রাম ছিল ভ্রান্ত মতবাদ, কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে। আজ তাঁর শাহাদাত দিবসে দেশের সর্বস্তরের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com